Alapon

ইসলাম ও জাতীয়তাবাদ

বর্তমান বিশ্বে জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট বর্ণ, নির্দিষ্ট ভাষা এমনকি নির্দিষ্ট অর্থনৈতিক সিস্টেমকেও ইনক্লুড করা হয়। অর্থাৎ, আমরা কিছু লোক নির্দিষ্ট ভূখণ্ডে বাস করি তাই আমরা এক জাতি অথবা আমরা কিছু লোক নির্দিষ্ট কোনো ভাষাভাষী তাই আমরা এক জাতি ইত্যাদি।

স্বাভাবিকভাবে নিজ ভূখণ্ড, নিজ ভাষা এবং নিজ ভূখণ্ডের মানুষদের প্রতি ভালোবাসা অনুভব করা দোষনীয় নয়। যেমন - রাসূল সা. মক্কা থেকে মদীনায় হিজরতের সময় খুব কষ্ট পেয়েছিলেন যা অবশ্যই তাঁর দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। জাতীয়তাবাদ এর অর্থ যদি নিজ দেশের প্রতি স্বাভাবিক ভালোবাসার নাম হয় তাহলে এই জাতীয়তাবাদ এর সাথে ইসলামের কোনো বিরোধ নেই।

কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক হলো "অন্ধ জাতীয়তাবাদ" তথা নিজ জাতির প্রতি অন্ধ হয়ে যাওয়া। অন্য সকল জাতির তুলনায় নিজের জাতিকে অন্ধভাবে বড় করে দেখানোর চেষ্টা করা, নিজ জাতির দোষত্রুটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করা এবং এর বিপরীতে অন্য জাতির ভালো কাজসমূহকেও অবৈধ গন্য করা।

আইয়ামে জাহেলিয়াত বা মূর্খতার যুগে তৎকালীন গোত্রগুলোর মধ্যে শত বছরের রক্তক্ষয়ী সংঘর্ষ চলমান ছিলো। তাঁরা নিজ-নিজ গোত্রের প্রতি অন্ধ হয়ে গিয়েছিল। নিজ গোত্রের লোকেরা অপরাধ করলেও তার বৈধতা দেওয়া হতো কিন্তু অন্য গোত্রের লোকদের পান থেকে চুন খসলেই পাকড়াও করা হতো। বস্তুত এসব কিছুই ছিলো নিজ গোত্রের প্রতি অন্ধত্বের ফলাফল যা ন্যায়-অন্যায় এর মানদণ্ডই পরিবর্তন করে ফেলেছিলো। আধুনিক জাতীয়তাবাদ হচ্ছে জাহেলি গোত্রীয়বাদ এর মডার্ন ভার্সন। বর্তমানে সেই গোত্রীয়বাদ এর গ্লোবালাইজেশন হয়েছে। জাহেলি গোত্রগুলোর জায়গায় সৃষ্টি হয়েছে পৃথক-পৃথক জাতিরাষ্ট্র ও সাম্রাজ্য। এই পৃথক জাতি ও সাম্রাজ্যগুলো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য অপর জাতিগুলোর উপর জুলুম-নির্যাতনের ষ্ট্রিম রোলার চালাতেও কুন্ঠিত হচ্ছে না। যেমন:- ফ্রান্স-জার্মানির লোকেরা সাদা বর্ণের বলেই আফ্রিকার নিগ্রোদের উপর জুলুম করা তাঁদের কাছে বৈধ, আমেরিকা আলাদা জাতি বলেই ইরানের উপর হামলা করা তাঁদের কাছে বৈধ ইত্যাদি।

প্রকৃতপক্ষে এসব কিছুই হচ্ছে জাতীয়তাবাদের অবসম্ভাবী ফলাফল। নির্দিষ্ট ভূখণ্ড,ভাষা ও বর্ণ ভিত্তিক জাতীয়তাবাদের ফলাফলই হলো অন্ধত্ব। যার জলজ্যান্ত প্রমাণ হলো বর্তমান কালের জাতিরাষ্ট্র গুলো ও এদের মধ্যকার পারস্পরিক রক্তক্ষয়ী সংঘর্ষের ইতিহাস সমূহ। এই অন্ধত্বই ইসলামের সাথে সাংঘর্ষিক।

ইসলাম এসব নতুন-পুরাতন সমস্ত জাহেলিয়াতের মূলে কুঠারাঘাত করে। চূর্ণ বিচূর্ণ করে দেয় জাহেলিয়াতের তখতে তাউস। সকল জুলুম-নির্যাতন, বেইনসাফি ও অন্ধত্বের পরিবর্তে আদর্শিক জাতীয়তার দিকে আহ্ববান জানায় ইসলাম। ভাতৃত্ব,ন্যায় ও ইনসাফের সৌধের উপর প্রতিষ্ঠা করতে চায় একটি আদর্শিক বিশ্ব রাষ্ট্র [Ideological Global State]

পঠিত : ২৩৫ বার

মন্তব্য: ০