Alapon

ইসলামী জীবনদর্শন ও কথিত প্রগতিশীল বয়ান : পরাজিত মানসিকতার পরিচয়


ইসলাম এমন এক জীবনবিধান, জীবন ও জগতের এমন এক চিরন্তন ও শাশ্বত দর্শন, যা সকল সময়ের, সকল যুগের জন্য বর্তমান।

মানবজাতির শুরু থেকে নিয়ে হযরত মুহাম্মদ (স.) এর আগমনের পূর্ব পর্যন্ত আল্লাহ প্রেরিত নবি ও প্রদত্ত জীবনবিধান ছিল স্ব স্ব যুগ ও গোত্রের জন্য নির্দিষ্ট। সময়ের পরিক্রমায় বিশ্বব্যবস্থা একটা চূড়ান্ত অবস্থায় এসে যখন পৌঁছেছে, আল্লাহ তাঁর সুনিপুণ পরিকল্পনার ভিত্তিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবজাতির জন্য সর্বশেষ ও চূড়ান্ত নবি ও রাসূল হিসেবে মনোনীত করেছেন।

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন সর্বশেষ ও চূড়ান্ত আসমানী ফরমান পবিত্র আল কুরআন, যা হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই পবিত্র ও পরিপূর্ণ মডেল হিসেবে মানবজাতির সামনে উপস্থাপন করলেন যে তাঁর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি ঘটনা এবং নবুয়তের পর থেকে তাঁর প্রতিটি কথা ও কাজকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণের ব্যবস্থা করেছেন। তিনি ব্যতীত অন্য কোনো মানুষের জীবন এত পুঙ্খানুপুঙ্খভাবে মানুষের সামনে উন্মুক্ত না।

যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং চূড়ান্ত নবি হিসেবে পাঠানো হয়েছে, তাই তাঁর আনীত জীবনবিধান ও তাঁর চরিত জীবনদর্শন কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ন রাখতে তাঁর উম্মতের উপর ইসলামী জীবনাদর্শ বাস্তবায়ন ও তা জারি রাখার দায়িত্ব অর্পণ করা হয়েছে। আজ পর্যন্ত তা অব্যাহত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে।

এজন্যই ইসলামের বিধানগুলো সকল সময়ের জন্য বর্তমান। এই জীবনদর্শন সকল সময়ের জন্য আধুনিক। আলাদাভাবে এটি আধুনিক রূপ দেওয়া বা প্রগতিশীল বানানোর প্রয়োজনীয়তা আদৌ নেই। এই আধুনিক হওয়া বা প্রগতিশীল হওয়ার প্রবণতা বা ন্যারেটিভ হচ্ছে বস্তুবাদী-ধর্মনিরপেক্ষাদীদের। তারা ইসলামকে সেকেলে প্রমাণ করতে নিজেদেরকে আধুনিক, প্রগতিশীল ইত্যাদি বলে পরিচয় দেয়।

দুঃখজনক বাস্তবতা হচ্ছে অনেক ইসলামপন্থী বন্ধুরাও মনে করে, আমাদেরও প্রগতিশীল হতে হবে। তথাকথিত আধুনিক হতে হবে। অথচ আগেই বলেছি ইসলাম ইটসেল্ফ সর্বকালের জন্য আধুনিক ও বর্তমান। এই দর্শনের আলাদাভাবে আধুনিক হওয়ার কিছু নেই। বস্তুবাদী উন্নতি যুগের একটা স্বাভাবিক বিবর্তন। এখানে আলাদা করে ঘোষণা দিয়ে তা করার প্রয়োজন নাই। এটাই ইসলামের মৌলিক দর্শন।

নতুন করে যেসব বন্ধুরা নিজেদেরকে প্রগতিশীল বলে পরিচয় দিতে চান, এটা এক প্রকার হীনমন্যতা ও পরাজিত মানসিকতার পরিচায়ক। আমরা ইসলামকে ঠিকভাবে মার্কেটিং করতে পারিনি, নিজেরাও একে প্রকৃত রূপে প্র্যাকটিস করতে পারিনি; যার ফলে বস্তুবাদী ধ্যান-ধারনার বাহকরা মুসলমানদের পশ্চাৎপদ বলে উপস্থাপন করতে চায়। সেই ব্যর্থতা ঢাকতে নিজেদেরকে প্রগতিশীল পরিচয় দিয়ে জাতে উঠার চেষ্টা করা আরও বড় হীনমন্যতা বলে মনে হয়।

এই পরাজিত মানসিকতা থেকে আমাদের বের হতে হবে। বিকল্প নেই। আল্লাহ ও আখিরাতে অবিশ্বাসী বা সন্দেহপ্রবণ গোষ্ঠীর বস্তাপচা ন্যারেটিভ দ্বারা প্রভাবিত হওয়া মুসলমানদের কাজ নয়। আমাদের নিজস্ব জাতিসত্তার পরিচয় আছে। চিরন্তন ও শাশ্বত জীবনদর্শন আছে। এর বাস্তব মডেলও আমাদের সামনে উপস্থিত। রাম-বামদের চোখে নিজেদেরকে জাতে উঠানোর চেষ্টা করা আরও বড় পরাজয়ের কারণ হবে। আল্লাহু আ'লাম।

পঠিত : ১১৫ বার

মন্তব্য: ০